চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩টি অস্ত্র, ৭ রাউন্ড গুলি, ১টি প্রাইভেট কার এবং ১টি মোটর সাইকেলসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে লেঃ কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রকে আটক করতে সক্ষম হয়।
লেঃ কমান্ডার আশেকুর রহমান জানান: গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ছিনতাইকারী গ্রুপের কিছু সদস্য চট্টগ্রাম মহানগরীর বঙ্গবন্ধু এভিনিউ টু অক্সিজেন সড়কের বানিয়া পাড়া এ্যাপোলো হাসপাতালে বিপরীত পার্শ্বে রাস্তার উপরে ১টি প্রাইভেট কার ও ১টি মোটর সাইকেল নিয়ে অবস্থান করছে।
এসময় সেখানে অভিযান চালানো হলে আটক হন- মোঃ মোর্শেদ আলম (২৮), মোঃ জাবেদ (২৮), শামীম হোসেন (২৯), মোঃ জাহেদুল আলম (৩৪) এবং মোঃ মামুন (২২)।
জানা যায়, এসময় আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড গুলিসহ ছিনতাই কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি মোটর সাইকেল জব্দ করে। একইসঙ্গে আসামীদেরকে গ্রেপ্তার করে প্রাইভেটকারে তল্লাশী চালানো হলে ছিনতাই কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মরিচের গুড়া পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










