ফেনীতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুই শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামী আব্দুল আজিম (৪৫) এবং মায়া বেগম (৪০) নামের দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার ৬ অক্টোবর রাতে র্যাব-৭ অভিযান পরিচালনা করে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব-৭ জানায়, পূর্ব বিরোধের জেরে ফেনী পৌর এলাকার মধ্যম বিরিঞ্চিতে গত ৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা শহিদুল ইসলাম (রনি) এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে বসত ঘরের ভেন্টিলেটর ভেঙে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং ঘরের দরজা বাহির থেকে রশি দিয়ে বেঁধে রাখেন। আগুনের মধ্যে শহিদুল ও তার স্ত্রী ঘর থেকে বের হতে গিয়ে দরজা খুলতে ব্যর্থ হয়, অপরদিকে পাশের কক্ষে ঘুমন্ত মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) এবং তানজিদুল ইসলাম গোলাপ (৬) মুহূর্তের মধ্যে পেট্রোলের আগুনে জ্বলে পুড়ে মারা যায়।
জানা যায়, শিশুদের উদ্ধারের জন্য শহিদুল ও তার স্ত্রী’র চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহত অবস্থায় শহিদুল ও তার স্ত্রীকে উদ্ধার করেন। অপর কক্ষে বড় পুত্র মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন এবং অগ্নিদগ্ধ অবস্থায় ছোট ছেলে তানজিদুল ইসলাম গোলাপকে (৬) উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহত শিশু দুজনের বাবা শাহিদুল ইসলাম ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।







