ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর দু’টি স্থানে পাহাড় ও দেয়াল ধসে ৪ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের ফিরোজশাহ কলোনি এবং পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
এর মধ্যে ফিরোজশাহ কলোনির ১নম্বর ঝিল এলাকায় পাহাড়ের ওপর থেকে মাটি ধসে নীচে থাকা দু’টি টিনশেড কাঁচা ঘরের ওপর পড়লে মাটি চাপা পড়ে মা-মেয়েসহ তিনজন মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
অন্যদিকে, শনিবার রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পাহাড় থেকে বড় একটি গাছ ভেঙে নীচে থাকা কয়েকটি কাঁচা-পাকা ঘরের উপর পড়ে। এতে দেয়াল ধসে পড়ে নুরে আলম নান্টু নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দীন বলেন, ঘটনাস্থলে উদ্ধার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও স্থানীয় জনগণ কাজ করছে।
এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে আনতে মাইকিং নানা তৎপরতা অব্যাহত হয়েছে।







