মাঠ জুড়ে শুধু ধূলো আর ধূলো । সেখানে দুর্দান্ত বেগে ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। হাতে ধারালো তলোয়ার। দেখে মনে হবে কোনো যুদ্ধ জয়ের প্রস্তুতি চলছে। যুদ্ধই তো! নতুন চরিত্রের সাথে নিজেকে প্রস্তুত করা তো শিল্পীদের একটা সত্যিকারের যুদ্ধই। অন্তত কঙ্গনার কাছে তো তাই-ই।
সম্প্রতি কঙ্গনার ঘোড়ায় চড়ার একটি ভিডিও শেয়ার করেছে তার ছবির পরিচালক কেতন মেহতা। কেতনের ‘রানী লক্ষ্মীবাঈ’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। আর তাই তাকে তলোয়ার চালানো থেকে শুরু করে ঘোড়ায় চড়া সবই শিখতে হয়েছে।
ব্রিটিশ বিরোধী অন্দোলনের বিপ্লবী নেত্রী ঝাঁসির রানী লক্ষীবাঈ এর জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। একজন অতি সাধারণ মেয়ে মণিকর্ণিকা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। সাধারণ মানুষের কাছে হয়ে উঠেন প্রতাপশালী বীর রানী লক্ষ্মীবাঈ। ছবিতে স্বাধীনতার জন্য রানীর সেই সংগ্রাম আর লড়াই তুলে ধরা হয়েছে।
তবে আরও একটি খবর রয়েছে ছবিতে। এ ছবিতে তৎকালীন ব্রিটিশ সেনানায়ক হিউ রোজের ভূমিকায় অভিনয়ের জন্য হলিউড অভিনেতা হিউ গ্র্যান্টের কথা ভাবছেন পরিচালক। ১৮৫৮ সালে ব্রিটিশদের বিরুদ্ধে রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্ব নিজের চোখে দেখতে হয়েছিল এই ব্রিটিশ জেনারেলকে। হিন্দুস্তান টাইমস।







