ঘূর্ণিঝড় ‘ভারদাহ’র প্রভাব নেই বাংলাদেশে, নদীপথে হালকা মাঝারি কুয়াশা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত প্রবল ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোর ৬ টা থেকে একই স্থানে অবস্থান করছে। এর প্রভাব তেন একটা পড়বে না বাংলাদেশে। সোমবার দিবাগত শেষ রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরির্তন হতে পারে। এ সময়ের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তর এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে-হতে আজ সন্ধ্যা নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।






