শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ওয়ানডেতে ৮ ওভার বল করে ৭.৫০ গড়ে ৬০ রান দিয়ে রাতের ঘুম হারাম করেছিলেন। সে কথা আবার নিজেই স্বীকার করেন। তখন থেকেই তার সহজাত কাটার কেমন যেন উবে যাচ্ছিল। গতিতেও হেরফের হয়। আইপিএল খেলতে যেয়েও একই অবস্থা। এক ম্যাচ খেলে মাঠের বাইরে। আবার নির্ঘুম রাতের সময়। ত্রিদেশীয় সিরিজে ওই বাজে সময়কে পেছনে ফেলছেন মোস্তাফিজ। কিউইদের বিপক্ষে দারুণ বল করার পর আইরিশদের বিপক্ষে চেনা রূপে ফিরেছেন। একাই কাঁপিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে।
মোস্তাফিজ এদিন নিজের প্রথম ওভারে দুই ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারিতে উইকেট নেন। ব্যাক অব লেন্থে লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে যান পল স্টার্লিং। বল ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট থার্ডম্যানে। মোস্তাফিজের এই ওভারটি মেডেন যায়। এরপর ফিরিয়েছেন আরও তিনজনকে। এখন পর্যন্ত ৮ ওভার বল করে ২২ রান দিয়েছেন। তিনি বলে আসলেই স্লিপে তিনজন রাখছেন মাশরাফি। অফস্টাম্পের বাইরে মাপা লেন্থের বল আর কাটার দিয়ে ব্যাটসম্যানদের অহরহ বিভ্রান্ত করছেন।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এদিন নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরে যায় মাশরাফিরা।








