করোনা ভাইরাস আতঙ্কে ইতালিতে সবধরনের ঘরোয়া খেলাধুলা স্থগিত করা হয়েছে। স্পেনে এখনো সেটা না করা হলেও দর্শকহীনভাবে খেলার সিদ্ধান্ত একদম পাকা। চ্যাম্পিয়ন্স লিগেও একই অবস্থা। ১৮ মার্চ নাপোলির বিপক্ষে নিজ মাঠে দর্শক ছাড়া খেলতে হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে।
‘সুস্থতার কথা চিন্তা করেই সোজাসুজি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এমন জানিয়েছেন কাতালোনিয়া সরকারের স্বাস্থ্যসেবা প্রধান হোয়ান গুইস।
এভাবে দর্শকহীন খেলার সিদ্ধান্ত অবশ্য নতুন কিছু নয় চ্যাম্পিয়ন্স লিগে। মঙ্গলবার রাতে আটালান্টার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সমর্থকদের উল্লাস শোনা হবে না আরেক স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার।
একই অবস্থা প্যারিসেও। বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দর্শকহীন ম্যাচ খেলবে পিএসজি। ইউরোপা লিগে গেটাফের বিপক্ষে ইন্টার মিলানও খেলবে বদ্ধদুয়ার ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল বার্সা। ভ্যালেন্সিয়া আটালান্টার মাঠে হেরেছে ৪-১ গোলে। পিএসজির ভাগ্য ভালো ছিল না। জার্মান জায়ান্টদের বিপক্ষে নেইমারদের হার ছিল ২-১ গোলের।









