গ্রিসে ব্যাংক বন্ধের সময় বাড়ানো হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। তবে সীমিত পরিসরে টাকা তুলতে পারবেন গ্রিসের জনগণ। গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বৃহস্পতিবারের মধ্যে সংস্কার প্রস্তাব দেয়ার আশা দিয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীদের।
গ্রিসের সংস্কার প্রস্তাবের অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে ইউরোজোন নেতাদের জরুরি বৈঠকের পর ঋণ সংকট সমাধানে নতুন প্রস্তাব দিতে গ্রিসকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। নতুন প্রস্তাব দেয়ার শেষ দিনে ব্যাংক বন্ধের সময় বাড়িয়ে দেয় গ্রিস সরকার। ১৩ জুলাই সোমবার পর্যন্ত বন্ধ থাকবে সব ব্যাংক। এর মাঝে দিনে মাত্র একবার সর্বোচ্চ ৬০ ইউরো তোলা যাবে।
কঠিন শর্তে গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রস্তাব নিয়ে গণভোটে জয়ী না হলে মঙ্গলবারের মধ্যে ব্যাংকগুলো খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো গ্রিস সরকার। সেদিন একদফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার আরেক দফা ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, এ নিয়ে বিতর্কের অবসান না হলে গ্রিসের ব্যাংকগুলোকে কোনো সহায়তা দেয়া হবে না।
গ্রিস সরকারের প্রস্তাবটি রোববার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে উত্থাপন করা হবে। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দেয়া ভাষণে একটি কার্যকর প্রস্তাব দেয়ার পাশাপাশি ঋণদাতাদের অর্থনৈতিক প্রস্তাবের কড়া সমালোচনা করেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।







