রাজধানীর মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় শিশু ও স্ত্রীর পর চিকিৎসাধীন অবস্থায় মানিকের (৩৫) মৃত্যু হয়েছে।
দগ্ধ মানিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
মানিকের শরীরের পঁচানব্বই শতাংশই পুড়ে গিয়েছিল। আর তার স্ত্রী মীনার পুড়েছিল আশি শতাংশ। বুধবার দুপুর সোয়া ২টার সময় মিনা মারা যান।
মঙ্গলবার রাতে মিরপুর-১১ এর একটি পাঁচতলা বাড়ির নিচতলার গ্যাস পাইপ লাইন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভবনের কেয়ারটেকার মানিকের সন্তানের মৃত্যু হয়। মানিক ও তার স্ত্রী মারাত্মক দগ্ধ হন।
শব্দ শুনে তাদের উদ্ধারে ছুটে আসেন প্রতিবেশীরা। ভবনের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে উদ্ধার তৎপরতা শুরু করার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে অসহায় হয়ে পড়েন তারা।
খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। তবে হাসপাতালে নেয়ার পরই মারা যায় এক বছর বয়সী শিশু তামিম।
ফায়ার সার্ভিস বলছে, গ্যাসলাইনের লিকেজ থেকে সিগারেটের আগুনে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।







