গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর প্রতিবাদে আগামী ৭ জুলাই অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম রাজনৈতিক দলগুলো।
সোমবার প্রেসক্লাবের সামনে বাম রাজনৈতিক দলগুলোর ডাকা বিক্ষোভ থেকে হরতালের ডাক দেয়া হয়।
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের পরই দলগুলো প্রতিক্রিয়া জানায়, অনৈতিকভাবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ করে কয়েকটি বাম দল। এর মধ্যে গণসংহতি আন্দোলন বিকাল সাড়ে চারটায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। বাম দলের এ জোটে রয়েছে সিপিবি-বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়াকার্স পার্টিসহ আটটি দল।
এরআগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, ১ জুলাই থেকে আবাসিকসহ সকল পর্যায়ে গ্যাসের দাম আবারও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আবাসিক খাতে এক চুলার খরচ ৭৫০ থেকে বাড়িয়ে ৯২৫ টাকা ও দুই চুলার খরচ ৮০০ থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা, সিএনজি প্রতি ঘনমিটার ৪৩ টাকা নির্ধারণ করা হয়।
বিদ্যুৎ খাতে প্রতি ঘনমিটার গ্যাস ৪.৪৫ টাকা, সিএনজি প্রতি ঘনমিটার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটার ১৩.৮৫ টাকা, সার উৎপাদনে প্রতি ঘনমিটার ৪.৪৫ টাকা, শিল্প খাতে প্রতি ঘনমিটার ১০.৭০ টাকা, চা বাগানে ব্যবহৃত প্রতি ঘনমিটার ১০.৭০ টাকা, বাণিজ্যিক খাতের মধ্যে হোটেল এবং রেস্টুরেন্টে প্রতি ঘনমিটার ২৩ টাকা আর ক্ষুদ্র এবং কুটির শিল্পে প্রতি ঘনমিটার ১৭.০৪ টাকা, বাসা-বাড়িতে মিটারভিত্তিক ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১২. ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।







