১৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারানো বার্সেলোনা খেলছে ইউরোপা লিগে। আসরের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে দেখাল চরম হতাশাজক পারফরম্যান্স। তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের সঙ্গে কাতালান ক্লাবটি গোলশূন্য ড্র করেছে।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে জাভি হার্নান্দেজের শিষ্যরা ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি।
গোটা ম্যাচে বার্সা ১৬টি শট নেয়, যার মধ্যে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল। প্রতিপক্ষ নিতে পারে কেবল তিনটি শট, লক্ষ্য বরাবর ছিল একটি।
ডি-বক্সের বাইরে পেদ্রি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় স্প্যানিশ জায়ান্টরা। ২৭ মিনিটে মেমফিস ডিপাইয়ের শট প্রতিহত করেন গ্যালাতাসারাইয়ের গোলরক্ষক ইনাকি পেনা।
৩৭ মিনিটে আরেকটু হলেই গোল হজম করতে বসেছিল স্বাগতিকরা। প্যাট্রিক ভ্যান অ্যানহোল্টের ক্রসে আসা বল হেড করেন মার্কাও। তার হেড প্রতিহত করেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান।
বিরতির আগে ৪১ মিনিটের মাথায় লুক ডি জংয়ের পাসে বল নিয়ে বাঁ প্রান্ত থেকে শট নেন ডিপাই। তাকে আবারো হতাশ করে বল ঠেকান পেনা।
খেলার ৫৭ মিনিটে ডিপায়ের ক্রসে ভেসে আসা বলে হেড করেন সার্জিও বুস্কেটস। দারুণ দৃঢ়তায় পেনা হেড ঠেকিয়ে দেন। সাত মিনিট পর ফ্রেঙ্কি ডি জংয়ের নেয়া দূরপাল্লার শটও পেনাকে পরাস্ত করতে পারেনি। ৭৫ মিনিটে জি জংয়ের শট বারে লেগে ফিরলে বার্সার ডেরায় হতাশা ভর করে।
৭৮ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন বাফেটিম্বি গোমিস। তবে তিনি অফসাইডে থাকায় গোল বাতিল হলে পরাজয়ের হাত থেকে বাঁচে বার্সেলোনা।
ন্যু ক্যাপে হোঁচট খাওয়া বার্সা আগামী ১৭ মার্চ ইস্তাম্বুলে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে।








