বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরকে ‘গোলামীর দস্তখত’ মন্তব্য করে দেশের জনগণ তা বাস্তবায়ন করতে দিবে না বলে হুঁশিয়ার করেছেন।
৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি ও দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রোববার সকালে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী ভারতের উদ্দেশ্যে বলেন, পাকিস্তান বিরোধীতার জন্য আপনারা নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। তার মানে এই নয়, আমাদের স্বাধীনতা আপনাদের দান। এটি সিকিম নয়, নেপাল, ভুটান নয়, এটি স্বাধীনতা বাংলাদেশ। এদেশের মানুষ আপনাদের আধিপত্যবাদী হস্তক্ষেপ মেনে নিবে না।
প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের কাছে কর দিতে গেছেন দাবি করে রিজভী বলেন, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের বুঝা উচিত ছিলো তাদের প্রতি যারা আনুগত্য করছে তারা জনগণের নির্বাচিত নয়। তাদের আনুগত্য দেশের মানুষ মানে না।
তিনি আরও বলেন, আমরা স্বাধীন দেশ। আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিজেরা সাজাবো। প্রয়োজন হলে বিশ্বের সর্বাধুনিক অস্ত্র উৎপাদনকারী দেশের সঙ্গে চুক্তি করে অস্ত্র কিনব। আপনাদের সেকেলে অস্ত্র আমাদের দরকার নেই।







