গুলশান হামলা স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রায় আঘাত: টাইম

গুলশানের সাম্প্রতিক হত্যাকাণ্ড এদেশের সহিংস উগ্রবাদ ইস্যুতে বৈশ্বিকভাবেই জোড়ালো একটা নাড়া দিলো। সরকার একের পর এক ভিন্নমতবালম্বী হত্যাকে অভ্যন্তরীণ সমস্যা বলে বৈশ্বিক নজর কিছুটা এড়াতে পারলেও ১ জুলাইয়ের পর থেকে তা আর সম্ভব নয়। যা সাম্প্রতিক বছরগুলোতে দেশের স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রায় আঘাত হানতে পারে। এছাড়াও শঙ্কা তৈরি করেছে জাপানি সাহায্য সংস্থার চলে যাওয়ার। শেখ হাসিনা সরকারের প্রতিও কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে।
টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিখিল কুমারের মন্তব্যধর্মী প্রতিবেদনে এমন শঙ্কার কথাই প্রকাশ পেয়েছে।
টাইমের ভাষায়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান ছোট এই দেশটিতে চরমপন্থি সহিংসতার বিস্তার বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গুলশানের হলে আর্টিসান বেকারিতে ১ জুলাইয়ের হামলায় ২০ জন জিম্মিকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানিজ, ১ জন ভারতীয় এবং দুইজন বাংলাদেশী ও একজন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। বেঁচে যাওয়াদের বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে হামলাকারীদের লক্ষ্য ছিলো বিদেশীরাই। হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে। সরকার নিশ্চিত করেছে হামলাকারী সবাই বাংলাদেশী নাগরিক। পুলিশ বলছে এদের মধ্যে ৫ জনকে আগে থেকেই গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিলো।
আইএসআইএসের কোন প্রকার সংশ্লিষ্টতা অস্বীকার করছে প্রশাসন। তবে আইএসআইএস কালো পতাকার সামনে দাড়িয়ে অভিযুক্ত বন্দুকধারীদের তোলা ছবি ছড়িয়ে দেয়ায় প্রশ্নের সম্মুখীণ সরকার।
টাইম প্রতিবেদন আরো লিখেছে, তবে জড়িত যারাই হোক, হামলাটি দেশের বর্ধিষ্ণু অর্থনীতিতে শঙ্কার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসপ্রবণতা এই দেশে কতটা?, গুলশানে হামলার পর সেই প্রশ্নই বিশ্বের মনোযোগ কেড়েছে। যা সাম্প্রতিক বছরগুলোতে দেশের স্থিতিশীল অগ্রগতির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও এর আগে স্বতন্ত্রভাবে বিদেশীদের উপর হামলার ঘটনা ঘটেছে, হলে আর্টিসান হত্যাযজ্ঞ এই ধরনের সবচেয়ে বড় আক্রমণ। যা প্রবাসী জনপদের প্রতি শঙ্কার ঢেউ ছড়িয়ে দিয়েছে। যাদের অনেকেই পোশাক ব্যবসা বা সাহায্য খাতে জড়িত।
গুলশানের আক্রান্তদের অনেকেই পোশাক ব্যবসার সাথে জড়িত। ইতালিয়ান নাগরিক নাদিয়া বেনেডিটি (৫২) তাদের মধ্যে একজন। যিনি একটি ব্রিটিশ ফার্মের বাংলাদেশী শাখার ব্যবস্থাপনা পরিচালক।
বেনেডিটির পরিচিত এবং একটি পোশাক-শিল্প ব্যবসা সংস্থার প্রধান কাজি ইফতেখার হোসেইন টাইমকে বলেন, “সে ব্যবসায়িক কাজে প্রায়শই বাংলাদেশে আসতো। সে এখানে একাধারে একজন ক্রেতা এবং বিনিয়োগকারী।”
তিনি বলেন, “আমি চরমভাবে হতাশ এবং ভীত। আমার প্রধান ক্রেতারা যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান দেশগুলোর।”
এই হামলার পর কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ বাংলাদেশী পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের এই ব্যবসায়িক সম্পর্ক নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করবে।
উন্নয়ন সহায়তাখাতও ভুগতে পারে বলে টাইম প্রতিবেদনে বলা হয়েছে। গুলশানে ৭ জন জাপানিজ নাগরিকের নিহতের খবরটি নিশ্চিত হওয়ার পর দেশটির একটি সরকারি সাহায্য সংস্থা বাংলাদেশ থেকে চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়।
একদা দূর্নীতিতে চ্যাম্পিয়ন, রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে থাকা দেশটিতে ইতিবাচক অনেক দিকও রয়েছে। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের এপ্রিলের মূল্যায়নে, ৬ শতাংশেরও বেশি আর্থিক প্রবৃদ্ধির সাথে “যেকোন মানেই বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে।” এমনকি ২০১৩ সাল থেকে শুরু হওয়া ‘টার্গেটেড কিলিং’এর উগ্রবাদী হুমকির মুখেও আর্থিক প্রবৃদ্ধি দৃড় রয়েছে।
এছাড়াও চলতি বছরের শুরতে ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের (আইএমএফ) প্রতিবেদনে ’৯০ দশকের মধ্যভাগ থেকেই দেশটির অর্থনীতি ‘শক্তিশালী এবং বৃহৎভাবে’ স্থিতিশীল রয়েছে। এর মূল চালিকাশক্তির পেছনে রয়েছে ২ হাজার ৬০০ কোটি ইউএস ডলারের পোশাক শিল্প, যা দেশের রপ্তানির প্রায় ৮০ শতাংশ। অর্থনীতি বিকাশের ফলে দেশের দরিদ্র হার হ্রাস এবং সামাজিক সূচকগুলোর উন্নতি হয়েছে। তবে সন্ত্রাসী হামলার ভয়াবহতা এখন সব অর্জন মুছে দিতে উদ্যত।
বেশ কয়েকটি হত্যার দায় আইএস বা আল-কায়েদা স্বীকার করলেও কোন বহুজাতিক সন্ত্রাসী গ্রুপের হুমকি আমলে নেয়নি শেখ হাসিনা সরকার। বরং তারা রাজনৈতিক প্রতিপক্ষদের সাথে সম্পর্কযুক্ত স্থানীয় উগ্রবাদীদের দায়ী করেছে। যেখানে বিরোধী দলটির সাথে ঐতিহাসিকভাবেই গভীর সম্পর্ক রয়েছে ডানপন্থী ইসলামিস্ট দলের।
টার্গেটেড কিলিং এবং এর প্রেক্ষিতে সরকারের অবস্থান সমস্যাটিকে বৈশ্বিক স্পটলাইটে না আনলেও নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ কিন্তু বরাবরই ছিলো। তবে সম্ভ্রান্ত এবং কূটনৈতিক এলাকায় গুলশানে হামলা জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের উদ্যোগকে কঠিন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
হামলায় আইএস জড়িত কিনা এমন প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা টাইমকে বলেন, “তারা বাংলাদেশী, তারা স্থানীয় এবং তারা রাজনৈতিকভাবে উদ্বুব্ধ।” তিনি বলেন, “আইএসআইএস বিতর্ক মূল বিষয় নয়। সন্ত্রাসীরা সন্ত্রাসী। তারা যেকোন আকার-আ্কৃতিতে আসতে পারে। আমরা ঘটনাটি থেকে শিখতে চাই এবং এটা থেকে সরকার তার চ্যালেঞ্জগুলো ঠিক করার চেষ্টা করতে পারবে।”
দেশে সাম্প্রদায়িক শক্তির বিস্তার এবং জঙ্গি হামলার প্রেক্ষাপটে সরকারের ভূমিকাও প্রতিবেদনটিতে আলোচিত হয়। ধর্মনিরপেক্ষ লেখক-ব্লগারদের হত্যার পর শেখ হাসিনা উল্টো তাদেরকেই কথাবার্তা এবং লেখালেখিতে সতর্ক হতে বলেন। সম্প্রতি পুলিশ অফিসারের স্ত্রীর মৃত্যুর পর দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযানে হাজারো গ্রেপ্তার হয়। যদিও বিরোধী দলের অভিযোগ তাদের কর্মী সমর্থকদের ধরপাকড় করতেই এই অভিযান।
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় প্রতিটি পদক্ষেপকেই আরও জোড়ালো করতে হবে। প্রধানমন্ত্রী এবং তার সরকার যদি এই আহ্বানে সাড়া না দেয় তবে আরও অনেক জীবন ঝুঁকির মুখে পড়বে।





