গুলশান হত্যাকাণ্ডকে সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, এই হামলার মাধ্যমে সরকারকে কোণঠাসা করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হয়েছে।
গুলশানের হত্যাকাণ্ডের পাঁচদিন পর নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করে ওই বর্বর হামলার পর্যবেক্ষণ তুলে ধরেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তিনি মনে করেন, গত দেড়বছরে বিচ্ছিন্নভাবে বোমা হামলা, সংখ্যালঘু হত্যা, জাপানী ও ইতালির নাগরিক হত্যা করা হচ্ছিল তারই ধারাবাহিকতায় গুলশান হত্যাকাণ্ড।
জঙ্গীবাদকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, অনেক কঠোর নিরাপত্তার দেশেও এই ধরণের হামলা হচ্ছে। সম্মিলিতভাবে এই সমস্যা মোকাবেলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, এটা কিন্তু দেশের সরকারকে বিপদে ফেলার, কোণঠাসা করার একটা চেষ্টা। অতীতে আগুন যুদ্ধে পরাজিত হয়ে খালেদা জিয়া পেছনে সরে গেছে, হেফাজতের তাণ্ডবে হেরে গিয়ে খালেদা জিয়া পিছু হটে গেছে, সাঈদীর তাণ্ডব নিয়ে উস্কানি দিতে গিয়ে পরাজিত হয়ে পিছু হটে গেছে। গুপ্তহত্যা তাদেরই নতুন কৌশল ও শেষ অস্ত্র।
জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী জানান, বিগত বিএনপি সরকারের সময়ে দেশে জঙ্গিবাদের যে উত্থান ঘটেছিল তারই চুড়ান্ত রূপ চলছে এখন। বলেন, ভালো নিরাপত্তাব্যবস্থা যেসব দেশে রয়েছে তারাও চোরাগোপ্তা হামলা ঠেকাতে হিমশিম খায়। আমরাও ঠেকাতে চেষ্টা করছি। কিন্তু আমাদের সরকারের সফলতা এখানে যে যারা এসব হত্যাকাণ্ডে জড়িত তাদের বেশিরভাগকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ও বিচারের মুখোমুখি করতে সক্ষম হয়েছি।
১ জুলাই রাতে গুলশানের হলে আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। সেনাবাহিনীর অভিযানে নিহত হয় ৬ জঙ্গী।







