‘গুলশান হামলায় সন্দেহের তালিকায় বেশ কয়েকজন’

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় নর্থ-সাউথ
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসানাত রেজা করিম ও আফতাব বহুমুখী ফার্মের
ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে তাহমিদ হাসিব খানসহ আরও
বেশ কিছু নাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তালিকায় রয়েছে বলে
জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার রাজধানীর
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার বলেন, ‘জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া-নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক
শিক্ষক হাসানাত রেজা করিম ও তাহমিদ হাসিব খান পুলিশ হেফাজতেই রয়েছেন।
তদন্তের স্বার্থে সন্দেহভাজন অন্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
তিনি আরও বলেন, ওই সন্ত্রাসী হামলার ঘটনায় শুধু হাসানাত রেজা করিম এবং
তাহমিদই শুধু নয় আরও বেশ কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছেন। আমরা
ইতোমধ্যে তাদের দু’একজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি, আরও কয়েকজনের বিষয়
প্রক্রিয়াধীন রয়েছে।
হাসনাত করিম ও তাহমিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পুলিশ পেয়েছে কি
না? জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, বিষয়টি তদন্তাধীন। আমরা শুধু
এইটুকু বলতে পারি, এসব জঙ্গিদের মদদদাতা, অর্থদাতা, আশ্রয়দাতাসহ সংশ্লিষ্ট
সবাইকে আইনের আওতায় আনা হবে। জঙ্গিদের পারিবারিক, শিক্ষা প্রতিষ্ঠান এবং
সামাজিক অবস্থান সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে।
গুলশানের ওই স্প্যানিশ রেস্টুরেন্টে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল
সশস্ত্র যুবক অতর্কিত ভাবে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে দেশি-বিদেশি প্রায় ২৮ জনকে নিরীহ মানুষকে জিম্মি করে। রাতভর উৎকণ্ঠার পর সকাল সকাল ৭টা ৪৫ মিনিটের
দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি,
পুলিশ ও র্যাব সম্মিলিত সামরিক দল।
সাড়ে ১২ মিনিটের এ
অভিযানে অভিযানে এক জাপানি ও দুই শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জিম্মিকে
জীবিত উদ্ধার করা হয়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে অপারেশন থান্ডারবোল্ট’র
সদস্যরা রাতেই নিহত হওয়া ২০ জনের মৃতদেহ উদ্ধার করে।
শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি সঙ্কটের অবসানের পর
দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ছয় হামলাকারী নিহত হয়েছেন, একজন ধরা
পড়েছেন।
ওই ঘটনায় উদ্ধার ১৩ জনসহ ২৭ জনকে নিয়ে যাওয়া হয়
গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। পরে তাদের বক্তব্য শুনে যাচাই-বাছাই করে অনেককে
ছেড়ে দেওয়া হয়।
তবে ছয় জঙ্গি নিহতের কথা বলা হলেও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তা উড়িয়ে দিয়ে
কমিশনার বলেন, জঙ্গিদের মধ্যে ছয়জনই মারা গেছে। পাঁচজনের পরিচয় পাওয়া
গিয়েছে, একজনের পাওয়া যায়নি। এটা নিয়ে সন্দেহের কোন কারণ নেই।





