গুলশানে হলে আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে ৫ ব্যক্তির নাম উল্লেখ করে এর সঙ্গে আরও অনেককে আসামী করে মামলাটি করা হয় বলে জানিয়েছে গুলশান থানা কর্তৃপক্ষ।
গত ১ জুলাই রাত ৯টার দিকে ওই ক্যাফেতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে একদল বন্দুকধারী। পরদিন সকালে যৌথবাহিনীর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয়ার পর ২০টি মৃতদেহ পাওয়া যায়, যাদের বেশিরভাগকেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
নিহতদের মধ্যে ৩ বাংলাদেশীসহ ৯ ইতালীয়, ৭ জাপানি এবং এক ভারতীয় ছিলেন।
কমান্ডো অভিযানে ৬ জঙ্গি হামলাকারী নিহত এবং একজন যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়। অবশ্য পুলিশ শুধু ৫ হামলাকারীর ছবি প্রকাশ করেছে।
ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তারা আইএসের বরাত দিয়ে কিছু রক্তাক্ত ছবিও প্রকাশ করে।









