বেঁচে থাকলে অভিনেতা রাজকুমারের বয়স আজ ৮৮ হতো। কর্ণাটকের গুণী অভিনেতা রাজকুমার ১৯২৯ সালে আজকের দিনে জন্ম নিয়েছিলেন। তার ৮৮তম জন্মদিন উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ একটি ডুডল তৈরি করেছে। জন্মদিনে শিল্পীকে সম্মান জানানোর জন্য এই ডুডল তৈরি করেছে গুগল। দর্শক পরিপূর্ণ সিনেমা হলের বড় পর্দায় রাজকুমারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ডুডলে।

অভিনেতা রাজকুমারের প্রকৃত নাম সিঙ্গানাল্লুরু পুত্তাসোম্যায়া মুথুরাজু। অভিনয় জগতে তিনি রাজকুমার নামেই পরিচিত। মাত্র আট বছর বয়স থেকে কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৫৪ সালের ছবি ‘বেদারা কান্নাপ্পা’র মাধ্যমে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা। পুরো জীবনে ২২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন রাজকুমার। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘শব্দবেধী’।
ভালো অভিনয়ের জন্য গুণী এই তারকা অসংখ্য পদক জিতেছেন। এগারটি কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, দশটি সাউথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তিনটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অব মিশর থেকে সম্মান সূচক ডক্টরেট উপাধি লাভ করেছিলেন। পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পদকও দেয়া হয়েছিল এই মেধাবী অভিনেতাকে।
২০০৬ সালের ১২ এপ্রিল ৭৬ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই নামী অভিনেতা। পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি ভক্তদের মনে এখনও বেঁচে আছেন তার রেখে যাওয়া কাজের মাধ্যমে।








