টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ছয় হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ডানেডিন টেস্ট দিয়েই সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
গিলক্রিস্ট তার ৯৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট ১০০টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। সাত বছর পর এ কীর্তি ছুঁয়েছেন ম্যাককালাম। নিজের ৯৮তম টেস্ট ম্যাচে এসে গিলক্রিস্টের পাশে নাম লেখান ম্যাককালাম।
ডানেডিন টেস্টের আগে তার দখলে ছিল ৯৭টি ছয়। এ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৫ রান করলেও মাত্র একটি ছক্কার মার ছিল।
তবে দ্বিতীয় ইনিংসে উইকেটে নেমে প্রথম বলেই রঙ্গনা হেরাথকে লং অনে ছয়ে পরিণত করেন।
কিউইদের ইনিংস ঘোষণার আগে দুই ছক্কায় ৬ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ৩৪ বছর বয়সী এ মারকুটে ব্যাটসম্যান।







