গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত রিক্সাভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদর জিলানি বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টায় বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিক্সা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ীতে যাচ্ছিল।
পথে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান রিক্সাভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই নিহত হন। হাসপাতালে নেয়ার পর খোকন মারা যায়।







