গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হিমু নামে দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গোলজার রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চিয়ারগ্রাম থেকে গোলজারকে গ্রেফতার করা হয়। গোলজার চিয়ারগ্রামের জাহিদুল ইসলামের পুত্র।
ধর্ষিতার পরিবারের অভিযোগ, একই ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে কয়েকদিন আগে হিমু চিয়ার গ্রামে তার খালা লাকী বেগমের বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে বুধবার সকালে লাকীর ভাসুর গোলজার হিমুকে একই গ্রামে তার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। রাতের খাবার শেষে হিমুকে খালার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে হিমুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয় গোলজার। পরে রাত ১ টার দিকে রাস্তার পাশের বাঁশ ঝাড়ে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে জোরপূর্বক হিমুকে ধর্ষণ করে গোলজার।
পরে বিষয়টি জানাজানি হলে পরদিন সন্ধ্যায় ধর্ষিতার স্বজন ও স্থানীয়রা গোলজারকে আটক করে পুলিশে সোপর্দ করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।







