বিনোদন

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন আফরান নিশোর মা

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন আফরান নিশোর মা

মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর মা আঞ্জুমান আরা। রবিবার (১২ মে) দুপুর সাড়ে বারোটার পর রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে নিশোর মায়ের হাতে সম্মাননাটি তুলে দেওয়া হয়। এসময় মা আঞ্জুমান আরার সঙ্গে আফরান নিশোও উপস্থিত ছিলেন। 

সম্মাননা হাতে পাওয়ার পর আঞ্জুমান আরা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার ছেলে নিশোর জন্য এখানে আসতে পেরেছি। ছেলের সাফল্যের জন্য এই সম্মাননা আমার জন্য খুবই স্পেশাল। আমি গর্বিত। আমার ছেলেকে সবাই চেনে জানে। মা হিসেবে নিজেকে ধন্য মনে হয়। যারা ‘গরবিনী মা’ সম্মাননা দিলেন তাদের কাছে কৃতজ্ঞ। আমার ছেলের জন্য দোয়া চাই।’

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর মা আঞ্জুমান আরা

মায়ের এমন সম্মাননা প্রাপ্তিতে সন্তান হিসেবে ভীষণ আনন্দিত ও উচ্ছ্বাসিত আফরান নিশো। যখন তার মায়ের হাতে সম্মাননা দেয়া হচ্ছিল নিশোর চোখেমুখে তখন ফুটে উঠেছিল তৃপ্তির ছাপ। ভার্সেটাইল এই অভিনেতা মনে করেন, মা তো মা। সেই অর্থে মাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়না। শুরু থেকে শেষ পর্যন্ত মা শুধু খেটেই যায়।

চ্যানেল আই অনলাইনকে নিশো বলেন, ‘যখন শুনেছি আমার মাকে সম্মাননা দেওয়া হবে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। মা আমাকে গর্ভে ধরেছেন। জন্ম দিয়েছেন, লালন-পালন করে বড় করেছেন। আমাকে শিক্ষা দিয়েছেন, বোধশক্তি দিয়েছেন। সমাজে চলতে শিখিয়েন। ওই মাকে আমি কতটুকু সম্মান দিতে পারি!’

তিনি বলেন, ‘হয়তো আমি আমার মাকে যেটা দেই সেটা মানুষ চোখে দেখেনা। কিন্তু আমি জানি, আমার মা, পরিবার ও স্বজনরা জানে। ‘গরবিনী মা’র মঞ্চে আমার মাকে সম্মাননা দেওয়া হলো এতে আমি খুব গর্ববোধ করছি। এই ব্যাপারটা নিয়ে শুধু আমি না; আমার মা, পরিবারের সদস্যরাও খুব আনন্দিত।’

বক্তব্য দিচ্ছেন ডাঃ আশীষ কুমার চক্রবর্তী।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’-এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হলেও সামাজিক দায়বদ্ধতা পালন করা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। তাই চিকিৎসা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশেষ এই আয়োজন করে থাকে।

আগামীতেও ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান চালু থাকবে বলে জানান  ডাঃ আশীষ কুমার চক্রবর্তী। এই অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

এ বছর আরও যারা গরবিনী মা সম্মাননা পেয়েছেন তারা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজানা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, র‍্যাবের আইন কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলমের মা আমেনা খাতুন, সাংবাদিক মুন্নি সাহার মা আপেল রানী সাহা, চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম, চাকা ছাড়াই বিমান অবতরণ করে ১৭১ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা দক্ষ পাইলট ক্যাপ্টেন জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম, অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার।

ছবি: লুৎফর

 

বিষয়:আতিকুল ইসলাম আফরান নিশো পপি মমতাজ বেগম মুন্নি সাহা শিরিন শারমিন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…