পাঁচতারা হোটেলের বলরুম নয়, কোনও অডিটোরিয়াম নয় একেবারে খোলা আকাশের নিচে হাটের আয়োজন করছে হাটুরে’র সদস্যরা। একেবারে পথের মধ্যেই আপনার জন্য রকমারি পণ্যের বাহার নিয়ে বসছেন অনলাইন উদ্যোক্তারা।
আগামীকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার সারাদিন হাটুরে’র সদস্যরা থাকবে পান্থপথ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সামনে উন্মুক্ত আকাশের নিচে। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে হাটুরেদের উদ্যোগে এই ‘স্ট্রিট কার্নিভাল’।
হাটুরে’র এবারের আয়োজনে দেশি পণ্যের সমাহার নিয়ে হাজির হচ্ছে চারুমেলা, ধবল, জলছাপ, দ্বৈত, গুটিপোকা, রেগা ও বেস্ট বাংলাদেশ।
একদিনের এই হাটবারে এই অনলাইন উদ্যোক্তাদের কেউ কেউ এনেছেন নিজস্ব ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তি। এছাড়া এখানে দেখা পাবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সব পোশাকেরও। কেউ এনেছেন আদিবাসী পিনন শাড়ি, কেউবা মনিপুরী, কেউ বা নকশী কাঁথা কিংবা দেশি তাঁতের কাজ কিংবা হাতে তৈরি অনবদ্য সব গয়না।
এছাড়াও ঘর সাজানোর গাছ, খাঁটি দেশি চাল, বিশুদ্ধ ঘি ও মধুও পাবেন এই হাটে। ঈদ ও পূজাকে সামনে রেখে সকাল থেকে রাতের এই স্ট্রিট কার্নিভালে একবার ঢুঁ মেরে আসতেই পারেন।






