নাম এবং শক্তির বিচারে শেখ জামালের থেকে খেলাঘরের দূরত্ব যোজন যোজন। শনিবার কিন্তু সেই দূরত্ব থাকলো না। শেখ জামাল ধানমন্ডি ২০ রানে অঘটনের জন্ম দিয়েছে খেলাঘর।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অঘটনের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় শেখ জামালের স্পিনার আব্দুর রাজ্জাকের চোট। ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান জাতীয় দলে ব্রাত্য এই বাঁহাতি স্পিনার। এক পর্যায়ে হেলিকপ্টারে করে হাসপাতালে নিতে হয়েছে তাকে।
তবে বল হাতে দিনটা দারুণ কেটেছিল রাজ্জাকের। খেলাঘরের বিপক্ষে ৫২ রানে নিয়েছেন ৫ উইকেট। রাজ্জাকের বোলিং তাণ্ডবের দিনে আলো ছড়িয়েছেন খেলাঘর ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি। এই ডানহাতির শতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খেলাঘর।
আড়াইশোর বেশি লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২৪৬ রানে থামে শেখ জামালের ইনিংস। মিডল অর্ডারে অলরাউন্ডার জিয়াউর রহমান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান রাজিন সালেহ চেষ্টা করেছেন ইনিংস মেরামতের। রাজিন সালেহ ৭৬ এবং জিয়াউর রহমান ৭৫ রান করে সাজঘরে ফিরলে হুড়মুড় করে ভেঙে পড়ে শেখ জামালের ইনিংস।
খেলাঘরের বিপক্ষে এই হারে পয়েন্ট টেবিলের পাঁচেই রইল শেখ জামাল। অন্যদিকে তিন জয় এবং চার হারে টেবিলের আটে অবস্থান খেলাঘরের। ম্যাচ সেরার পুরষ্কার গেছে রবিউল ইসলামের হাতে।








