ছোটপর্দায় নানামাত্রিক চরিত্রে অভিনয় করেন নিকুল মন্ডল। তাকে দেখা গেছে ‘ঢাকা অ্যাটকা’, ‘দেবী’র মতো সিনেমাতেও। অভিনেতা পরিচয় ছাপিয়ে পরিচালক পরিচয়ে ‘নুরুলের শেষের কবিতা’ নামে একটি নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন।
এবার নিকুল নির্মাণ করলেন ‘অবশেষে একা’ নামে আরেকটি নাটক। লিমন আহমেদের রচনায় এতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও রোকাইয়া জাহান চমক।
ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে আলোচনায় আসা নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন তারা। সম্প্রতি একাধিক নাটকে তাদের জুটি বাঁধতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হবেন রোমান্টিক একটি গল্পে। যার শেষ পরিণতি করুণ। গেল অক্টোবরের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।
পরিচালক নিকুল কুমার মন্ডল বলেন, ‘আমি ক্যারিয়ারের প্রথম নাটকটি নির্মাণ করেছিলাম প্রেম, কবিতা ও দর্শনকে একসঙ্গে করে। আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নানান বোধগুলোই মনে ধরে রাখে। সেই ভাবনা থেকে ‘অবশেষে একা’ বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প এখানে উঠে আসবে।
নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সুক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে। চমকের সঙ্গে জুটি হয়ে নিকুল দা’র পরিচালনা উপভোগ করেছি। আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে নাটকটি।’
নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিলো। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে। নাটক ও আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটলেই তৃপ্তি পাবো।’
পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিররই যে কোনো বেসরকারি টিভিতে চ্যানেলে প্রচার হবে।









