বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজি থাকলে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
তবে বিএনপির দাবি অনুযায়ী তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার কোনো সুযোগ এই মুহূর্তে কারাবিধি অনুযায়ী নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন: ‘আমরা খালেদা জিয়াকে আগামীকাল সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। বিএসএমএমইউ তৈরি রাখতে বলেছি। তবে উনি যদি রাজি থাকেন, তাহলে নেওয়া হবে। ওনার রাজি হওয়ার একটা বিষয় আছে।’
বিএনপি শুরু থেকে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানিয়ে আসছে। খালেদার ব্যক্তিগত চিকিৎসকরাও একই সুপারিশ করেছেন।
কারা মহাপরিদর্শক বলেন: ‘জেল কোড অনুযায়ী সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই। তবে সরকার চাইলে বেসরকারি হাসপাতালে কারও চিকিৎসায় অনুমোদন দিতে পারে। এক্ষেত্রে চিকিৎসা ব্যয় কে বহন করবে, কীভাবে করবে, তার ফয়সালা করতে হবে।
গত ৫ জুন খালেদা জিয়া পড়ে গিয়ে অজ্ঞান হয়েছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানালেও সৈয়দ ইফতেখার বলেন: উনি অজ্ঞান হননি, ইমব্যালেন্সড হয়েছিলেন।








