বয়স প্রায় আশি ছুঁইছুঁই। এখনো ইন্ডাস্ট্রি মাতিয়ে যাচ্ছেন বীরদর্পে। তবে একের পর এক শুটিং করতে করতে এখন ক্লান্ত তিনি। বলছি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কথা। পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউড মাতিয়ে যাওয়া এই শাহেনশাহ কি এবার অবসরের কথা ভাবছেন?
সম্প্রতি নিজের লেখা ব্লগে এমন ইঙ্গিতই দিলেন অমিতাভ বচ্চন। কাব্য করার ছলে অমিতাভ জানালেন, ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। ভাবছেন অবসরের কথাও!
নিজের বয়সের বিষয়টি তুলে ধরে অমিতাভ লিখেছেন, ‘এত ব্যস্ততার মাঝে আমার মস্তিস্ক চিন্তা করছে একরকম, আর আমার আঙুল বলছে অন্য কথা। মনে হয় এবার আমার অবসর নিয়ে নেওয়া উচিত।’
এদিকে তার ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, একের পর এক শুটিংয়ে হাঁপিয়ে উঠেছেন অমিতাভ। এই বয়সে এতো বেশি শুটিংয়ের চাপ সহ্য করতে পারছেন না তিনি।
ক’দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিলো অমিতাভ বচ্চনকে। ১৯৮২ সালে শুটিং করতে গিয়ে একটি দুর্ঘনার সম্মুখীন হওয়ার সময়, হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হন অমিতাভ বচ্চন। এরপরই তার লিভারের ৭৫ শতাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছিলো চিকিৎসকরা। সেই সমস্যা এখনো রয়েছে তার।
বর্তমানে ‘কৌন বনেগা ক্রোরপতি’র শুটিং নিয়ে ব্যস্ত অমিতাভ। সামনে আছে তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘গুলাব কি সিতাবো’র শুটিং।








