২০১৬ সালের পর থেকে তার মতো এত এত বল খেলেননি আর কোনো ব্যাটসম্যান। দলের প্রয়োজনে ইনিংসের প্রায় শুরু থেকে ব্যাট করতে নেমে হাসিমুখে টানা খেলে যান প্রায় শেষ অব্ধি। কিন্তু দিন শেষে তিনি যে মানুষ সেটাই যেন মনে করিয়ে দিলেন বিরাট কোহলি।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বলেছেন, তিনি আসলেই ক্লান্ত। দ্রুত বিশ্রাম নিতে চান।
গত বছর থেকে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত ৪ হাজার ৮শর বেশি বল খেলেছেন কোহলি। তার দুই ভারতীয় সতীর্থ রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা আছেন সবচেয়ে বেশি বল করা বোলারদের প্রথম এবং দ্বিতীয় স্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টের আগে কোহলি বললেন, ‘একটা দলে ১১ জন খেলোয়াড় খেলে। কিন্তু সবাই ওয়ানডেতে ৪৫ ওভার ব্যাট করে না কিংবা ৩৫ ওভার বল করে না। যারা এমনটা করতে পারে, তাদের নিয়মিত যত্ন নেওয়া উচিত। কারণ শরীর একটা নির্দিষ্ট চাপ সহ্য করতে পারে। ক্লান্তি পুষিয়ে নেওয়ার জন্য বিশ্রাম নেওয়া উচিত।’
‘সবাই বলে, ওহ! খেলোয়াড়টা ৪০টা ম্যাচ খেলেছে। কিন্তু কেউ চিন্তা করে না এই ৪০টা ম্যাচে কতটা সময় ক্রিজে থাকতে হয়, কতবার রানের জন্য দৌড়াতে হয়, কত ভিন্ন পরিস্থিতিতে বল করে যেতে হয়। পরিবেশ কতটা ভিন্ন থাকে, আবহাওয়া গরম কী ঠাণ্ডা, শরীর ধকল কাটিয়ে উঠতে পারবে কিনা এসব বিষয়গুলো খুব কম মানুষজনই চিন্তা করে।’
বিশ্রাম নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘অবশ্যই আমার বিশ্রামের প্রয়োজন। আর কেনই বা নয়? আমি মানুষ, রোবট নই। চাইলে আমার দেহ কেটে দেখতে পারেন। সেখানে চামড়ার নিচে রক্ত বয়। তারও বিশ্রামের দরকার হয়।’
চলতি মাসে এনিয়ে দুবার বিশ্রামের জন্য আকুতি জানালেন কোহলি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত উচ্চবাচ্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।







