বিনোদন

ক্যারিয়ারে ইমনের টার্নিং পয়েন্ট, সালওয়ার উচ্ছ্বাস!

'পাসওয়ার্ড’ এর পর আবারও টার্নিং পয়েন্ট খুঁজে পেলেন চিত্রনায়ক ইমন, ‘বীরত্ব’ নিয়ে উচ্ছ্বসিত নতুন নায়িকা সালওয়া...

দুটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে, ক্যারিয়ারে ইমনের টার্নিং পয়েন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে, ক্যারিয়ারে ইমনের টার্নিং পয়েন্টের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে ব্যবসাসফল ছবি ‘পাসওয়ার্ড’-এ অভিনয় করে গেল বছরজুড়ে আলোচিত ছিলেন চিত্রনায়ক ইমন। অ্যাওয়ার্ড প্রাপ্তির পাশাপাশি ছবিটি ইমন তার ক্যারিয়ারে অন্যতম টার্নিং মনে করতেন।

এবার এ নায়ক তার নতুন ছবি ‘বীরত্ব’তে ফের টার্নিং খুঁজে পাচ্ছেন। সঙ্গে রয়েছেন নিশাত সালওয়া।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শেষ লটে ইমন-সালওয়া তাদের ‘বীরত্ব’ ছবির শুটিং করছিলেন রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে। শুটিংয়ের ফাঁকে দুজনেই কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। ইমন বলছিলেন, ‘পাসওয়ার্ড’ আমাকে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে। ওই ছবির পর মানসম্মত ছবিগুলোতে কাজ করছি। ‘বীরত্ব’ ছবিটাও তেমনি এক ছবি।

তিনি বলেন, দর্শক এ ছবিতে যেমন নতুন গল্প খুঁজে পাবে, তেমনি চমৎকার সব লোকেশন খুঁজে পাবে। আমি নিজেও টিমের ডেডিকেশনে মুগ্ধ। কোনো প্রকার সেট নির্মাণ করে নয়, শুরু থেকে একেবারে রিয়েল সব লোকেশনে কাজ করে আসছি। ইতোমধ্যেই শুটিং শেষের দিকে। আমি আমার সেরাটা দিয়ে কাজ করেছি। এটা হতে যাচ্ছে আমার জন্য নতুন এক টার্নিং পয়েন্ট।

মোস্তাফিজুর রহমান মানিকের ‘রাজকন্যা’ ও কিংবদন্তী অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’তে কাজ করেছেন সালওয়া। সালওয়া জানালেন, তার আগের দুই ছবি থেকে ‘বীরত্ব’ একেবারেই ভিন্ন ধরনের ছবি। উচ্ছ্বাস নিয়ে বলেন, খুব ভালো কাজ হয়েছে। ছবির পুরো টিম গোছানো।

সালওয়া বলেন, এখন ভালো গল্পের ছবির অভাব। সেদিক থেকে ‘বীরত্ব’ একটি গল্প সমৃদ্ধ ছবি। পরিচালক, সহশিল্পীরা প্রত্যেকেই খুবই সহযোগিতা করেছেন। এ ছবিতে শতাধিক শিল্পীরা কাজ করছেন। প্রত্যেকেই গুণী শিল্পী। তাদের কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় শিখতে পারছি। যত কাজ করছি ততই শিখছি। প্রযোজক, পরিচালক প্রত্যেকেই আন্তরিক।

‘বীরত্ব’ নির্মাণ করছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম চলচ্চিত্র। প্রযোজনা করছে পিংপং এন্টারটেইনমেন্ট। ২ অক্টোবর থেকে রাজবাড়ী জেলায় ছবির শুটিং শুরু হয়। ইতোমধ্যেই বেশিরভাগ শুটিং শেষ। বাকি আছে গানের শুটিং। সিলেটে ছবির গানগুলোর শুটিং হবে। অন্যান্য চরিত্রে আরও আছেন নিপুণ, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, বড়দা মিঠু প্রমুখ।

আইটেম গানে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। ২০২১ সালে করোনা পরিস্থিতি বিবেচনা করে ‘বীরত্ব’ মুক্তি পাবে সিনেমা হলে।

বিষয়:আহসান হাবীব নাসিম ইন্তেখাব দিনার ইমন চলচ্চিত্র নিপুণ নিশাত নাওয়ার সালওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…