মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুসকে ছয় মাসের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এই প্রথম মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কোনো আসামি জামিন পেল।
আব্দুল কুদ্দুসের ক্যানসার রোগ থাকায় তা বিবেচনা করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ তার জামিনের আদেশ দেন।
আদালতে এ আসামির পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ও আইনজীবী মাসুদ রানা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জামিন বিষয়ে আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৯ জুলাই আপিল বিভাগে এই আসামির জামিন আবেদন করার পর আপিল বিভাগ তাকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
একই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের আব্দুল কুদ্দুসের ক্যানসারের অবস্থা নিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন।
ওই প্রতিবেদন পাওয়ার পর তা বিবেচনায় নিয়ে আপিল বিভাগ আব্দুল কুদ্দুসকে ৬ মাসের জামিন দেন।
গত ১৩ মার্চ এই মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তিন আসামি আমির আলী, মো. জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের মৃত্যুদণ্ড এবং আসামি মো. আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।






