দেশিয় পোশাক ব্র্যান্ড ‘ক্যাটস আই’র নতুন শুভেচ্ছা দূত হয়েছেন তামিম ইকবাল। কোনো পোশাকের ব্র্যান্ডের হয়ে এবারই প্রথম শুভেচ্ছা দূত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ ওপেনার।
সোমবার তামিমকে নিজেদের শুভেচ্ছা দূত ঘোষণা করে দেশের শীর্ষ স্থানীয় ফ্যাশন আইকন ব্র্যান্ডটি।
ইতিমধ্যে ক্যাটস আইয়ের নতুন ডিজাইনের শীতকালীন পণ্যের ফটোশ্যুটেও অংশ নিয়েছেন তামিম। শুভেচ্ছা দূত হয়ে বলেছেন, ‘কোনো পোশাকের ব্র্যান্ডের হয়ে এবারই প্রথম শুভেচ্ছা দূত হওয়া হল। ক্যাটস আইয়ের পণ্যের প্রচারে আমি সম্পৃক্ত থাকতে পারছি এটা ভেবে ভালো লাগছে। আমার ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ুক ব্র্যান্ডটির দ্যূতি- এমনটাই আশা করছি।’
তামিমের সঙ্গে ক্যাটস আইয়ের আরেক শুভেচ্ছা দূত রক সংগীতের জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট, নেমেসিস ব্র্যান্ডের জোহাদ রেজা চৌধুরীও থাকছেন ব্র্যান্ড প্রতিষ্ঠানটির সঙ্গে।
ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানালেন, ‘ক্রিকেটার তামিমের জনপ্রিয়তাকে সঙ্গী করে এবার ক্যাটস আইও নিজেদের ব্র্যান্ডের প্রচারণায় নতুনত্ব আনতে পারবে। তামিমের মতো জাতীয় হিরো ও জনপ্রিয় ক্রিকেটারকে পেয়ে আমরা কৃতজ্ঞ।’
ক্যাটস আইয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিবর্তিত তারুণ্যের চাহিদা এবং ফ্যাশনের নতুনত্বের বাকবদলে আরও গতি আনতে ব্র্যান্ডটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তামিম। পাশ্চাত্যের সঙ্গে দেশি ট্রেন্ড এবং রুচির সমন্বয় করে ক্যাটস আইয়ের প্রচারণায় অংশ নেবেন নতুন এ শুভেচ্ছা দূত।
তামিমকে শুভেচ্ছা দূত ঘোষণার সময় উপস্থিত ছিলেন ক্যাটস আই পরিচালনা পর্ষদের পাঁচজন পরিচালক।
‘ক্যাটস আই’। যাদের যাত্রা শুরু হয়েছিল আশির দশকের প্রথমলগ্নে। দিনে দিনে সেই যাত্রা আজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি অন্যতম ফ্যাশন আইকন হিসাবে।







