দীর্ঘ ইংল্যান্ড সিরিজের পর একটু বিশ্রাম নিয়েছিলেন। এশিয়া কাপে খেলেননি। ঝরঝরে হয়ে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ শুরু করলেন বিরাট কোহলি, তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতে ভারত গড়ে ফেলছে রানপাহাড়।
রাজকোটে আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৮ বছরে অভিষিক্ত পৃথ্বী শ। কোহলি দিনশেষে অপরাজিত থাকেন ৭২ রানে। দ্বিতীয় দিনে ফিরেছেন ১৩৯ রানে। ক্যারিয়ারের ২৪তম শতক তার। ২৩০ বলের ইনিংসটি ১০ চারে সাজানো, নেই কোনো বিগহিট।
ক্যারিয়ারের ৭২তম টেস্ট খেলতে নেমেছেন কোহলি। ২৪টি সেঞ্চুরি হয়ে গেল। আছে ১৯টি ফিফটি ইনিংসও। শেষ ১০ ইনিংসের মধ্যে তৃতীয় শতক এটি। এসময় দুটি ফিফটি করেছেন, যার একটি আবার ৯৭ রানের!
কোহলির সেঞ্চুরির দিনে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ২১ বছর বয়সী আরেক উঠতি তারকা রিশভ পান্ট। ইংল্যান্ড সিরিজের শেষদিকে ১১৪ রানের ঝলমলে ইনিংস খেলা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাতছাড়া করেছেন আট রানের জন্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে সাড়ে পাঁচশ পার করে ব্যাটিং চালিয়ে যাচ্ছে ভারত।







