কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ বিতর্কে আচমকাই বিরাট কোহলিকে টেনে আনলেন পল হ্যারিস। সাউথ আফ্রিকা সফরে বিরাট ‘চাষীদের’ মতো ব্যবহার করেছেন! আইসিসি এখন পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয়নি। এমনি বিস্ফোরক মন্তব্য প্রোটিয়াদের সাবেক স্পিনারের।
অস্ট্রেলিয়া–সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টে স্মিথের দিকে তেড়ে গিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন রাবাদা। শাস্তিস্বরূপ তাকে ২ টেস্টে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দেশের হয়ে ৩৭টি টেস্ট খেলা বাঁহাতি স্পিনার হ্যারিস।
টুইটে হ্যারিস লিখেছেন, ‘অনেকেই তো খারাপ ব্যবহার করেছে। বিরাট সাউথ আফ্রিকায় ৩টি টেস্টেই অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চাষীদের মতো ভাষা ব্যবহার করেছে। কিন্তু বিরাটের বড় শাস্তিই হয়নি। আইসিসি এখন পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয়নি।’
হ্যারিসের মনে হয়েছে, আইসিসির হয়ত কোন সমস্যা রয়েছে রাবাদা কিংবা সাউথ আফ্রিকা দলকে নিয়ে, ‘মনে হয় রাবাদা বা সাউথ আফ্রিকা দলকে নিয়ে আইসিসির সমস্যা আছে।’
রাবাদার অপরাধ আইসিসির লেভেল-২ পর্যায়ে পড়ে। বিরাট অবশ্য সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানোয় ম্যাচ ফি’র ২৫ শতাংশ খুইয়েছিলেন। ১ ডিমেরিট পয়েন্টও পান। তবে রাবাদা আরো বড় কাণ্ড ঘটিয়েছেন। শাস্তিস্বরূপ তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা গেছে। ২ টেস্ট নির্বাসিত হয়েছেন এবং ৩ ডিমেরিট পয়েন্ট জুটেছে। গত ২ বছরের হিসেব ধরলে রাবাদা ৮ ডিমেরিট পয়েন্ট পেলেন। যার ফলে তাকে ২ টেস্ট নির্বাসিত করা হয়েছে।
রাবাদা-স্মিথের বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাউথ আফ্রিকান পেসার ভারনন ফিনল্যান্ডারও। তার দাবি, একই অপরাধে রাবাদার মত শাস্তি হওয়া উচিত ছিল অজি অধিনায়কেরও।








