সমালোচনা পিছু ছাড়ছে না বিরাট কোহলির। ভারতীয় অধিনায়কের সঙ্গে দ্বন্দ্বে অনিল কুম্বলে কোচের পদ ছাড়ার পর থেকেই তার দিকে ধেয়ে আসছে সমালোচনার তীর। এবার ভারত কাপ্তানকে ধুয়ে দিলেন দেশটির সাবেক ক্রিকেটার ইরাপল্লি প্রসন্ন। এই অফস্পিনারের দাবি কোহলি যখন নিজেকেই সবার চেয়ে বেশি গুরুত্ব দেন তাহলে বিসিসিআইয়ের উচিত কোচের পদে তাকেই বসানো!
কুম্বলে কোচের পদ ছাড়ার পর ভারতের কোচের পদটি আপাতত শূন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা কোহলিরা ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে কোচ ছাড়াই। প্রসন্নের ইঙ্গিত পরিষ্কার সে দিকেই।
‘তাদের কেন কোচের দরকার, বিশেষ করে অধিনায়ক যদি দলের সর্বেসর্বা হয়। আমার তো মনে হয় না ওদের ব্যাটিং কিংবা ফিল্ডিং কোচেরও দরকার আছে।’
শুধু তাই নয়। সাবেক এই অফস্পিনার প্রশ্ন তুলেছেন কোহলির অধিনায়কত্ব নিয়েও। সঙ্গে তার জায়গায় সিনিয়র কোনও খেলোয়াড়কে অধিনায়কের পদে বসানোর পক্ষে মত দিয়েছেন প্রসন্ন, ‘আমার খেলোয়াড় কোহলিকে নিয়ে কোনও প্রশ্ন নেই, কিন্তু অধিনায়কের মতো একটি গুরুত্বপূর্ণ পদে বসার যোগ্যতা তার আছে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান।’
৭৭ বছর বয়সী এই সাবেকের দাবি দলের অন্য কোচিং স্টাফরা হয়তো কোহলির সামনে দাঁড়ানোর সাহসই করে না, ‘যদি কুম্বলের মতো একজন কিংবদন্তি খেলোয়াড় কোহলির কাছে অসহায় বোধ করে তাহলে আমার তো মনে হয় অন্য স্টাফরা তার সামনে দাঁড়ানোর আগেই কথা হারিয়ে ফেলে। ওরা তো কুম্বলের মতো সিনিয়র কেউ না। শুধু ওদের একটা ট্রেইনার দিয়ে দেয়া হোক। বাকিটা ওরাই ভালো বুঝবে।’










