‘অত্যন্ত পেশাদার’ হ্যাকাররা একটি শীর্ষস্থানীয় মাইনিং সার্ভিস (খনি সেবা) থেকে প্রায় ৪ হাজার ৭০০ বিটকয়েন হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে একটি বিটকয়েন এক্সচেঞ্জ। বিটকয়েনের মূল্য খুব পরিবর্তনশীল হলেও, চুরি যাওয়া বিটকয়েনের মূল্য প্রায় ৮ কোটি ইউএস ডলার।
হ্যাকিংয়ের শিকার সার্ভিসটির নাম নাইসহ্যাশ, যা একটি স্লোভেনিয়া ভিত্তিক মাইনিং এক্সচেঞ্জ। তবে গ্রাহকদের জন্য বিটকয়েন ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে নাইসহ্যাশ।
বুধবার সকালে হ্যাকারদের এই হামলার ঘটনা ঘটে, এমনটি জানায় নাইসহ্যাশের প্রধান নির্বাহী মার্কো কোবাল। ইউরোপিয় ইউনিয়নের বাইরের কোন হ্যাকার এই হামলা চালিয়েছে বলেও, ধারণার কথা জানান তিনি। বিটকয়েনের মূল্য স্ফীতির সময়ে এই চুরির ঘটনা ঘটলো। এক্ষেত্রে এতো বড় আকারের ঘটনা বিরল নয়। গত বছর জুড়েই এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।







