মাত্র ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কেভিন-প্রিন্স বোয়েটাংকে ধারে দলে নিয়েছে বার্সেলোনা। টটেনহ্যাম ও এসি মিলানের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটানো ৩১ বছর বয়সী বোয়েটাং সর্বশেষ ইতালিয়ান ক্লাব সাসৌলোতে খেলছিলেন।
সেভিয়ার কাছে পাকাপাকিভাবে তরুণ স্ট্রাইকার মুনিয়ের এল হাদ্দাদিকে বেঁচে দিয়েছে বার্সেলোনা। মূলত তার পরিবর্তেই ঘানার এ তারকাকে দলে নিয়েছে বার্সা। হাদ্দাদি অভাব পূরণ করে লুইস সুয়ারেজের জায়গাও অনেকটা ব্যাকআপ দেবেন তিনি।
বিবৃতিতে বার্সা জানায়, বার্সেলোনা ও সাসৌলো ২০১৮-১৯ মৌসুমের জন্য কেভিন-প্রিন্স বোয়েটাংকে ধারে চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে।
টটেনহ্যাম-এসি মিলান ছাড়াও বোয়েটেং খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ড, শালকে জিরোফোর, লাস পালমাস, ফ্রাঙ্কফুর্টেও। জার্মানির অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও জাতীয় দলে খেলেছেন ঘানার হয়ে। তবে জার্মানিতে জন্ম নেয়া বোয়েটেংয়ের আরেক ভাই জেরোমে বোয়েটাং খেলেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির হয়েই।
ইএসপিএন ফুটবল জানাচ্ছে, আপাতত চলতি মৌসুমের শেষ পর্যন্ত লোনের চুক্তিতে থাকলেও তাকে পাকাপাকিভাবে দলে নিতে পারে বার্সা। সেজন্য তাদের অবশ্য খরচ হবে ৮ মিলিয়ন ইউরো।
আগামী বুধবারই কাতালান জার্সিতে অভিষেক হতে পারে বোয়েটাংয়ের। যেখানে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে লড়বে বার্সা।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল চেলসিতে খেলা স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাতা, আর্সেনালে খেলা মেক্সিকো তারকা কার্লোস ভেলা ও স্প্যানিশ ক্লাব জিরোনায় খেলা উরুগুয়ের স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানিকে দলে নিতে পারে বার্সেলোনা। কিন্তু সবাইকে আপাতত বাদ দিয়ে বোয়েটাংকে দলে নিল তারা।
চলতি মৌসুমে ৩০ বছরের বেশি বয়সের দুজন খেলোয়াড়কে দলে টানল বার্সা। বোয়েটাংয়ের আগে বায়ার্ন মিউনিখ থেকে তারা দলে নেয় চিলি তারকা আর্তুরো ভিদালকে। ২০০৪ সালের পর এই প্রথম এই বয়সের দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নিল বার্সা। এর আগে দলে নেয়া ৩০ বছরের বেশি বয়সের খেলোয়াড় ছিলেন সুইডেনের হেনরিক লারসন ও ইতালির দেমেত্রিও আলবের্তিনি।







