কুষ্টিয়ার রহিমপুরে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাশে স্মরণ মৎস বীজ খামারে শুরু হয়েছে ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প ২০১৭। এটি এই আয়োজনের ১১তম আসর। চলবে ৩০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। বাংলাদেশ সহ বিশ্বের ৮টি দেশের প্রায় বিশ জন শিল্পী এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত, নেপাল, নেদারল্যান্ড ও তাইওয়ান এর শিল্পীরা এই ক্যাম্পে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিল্পীরা হচ্ছেন: অনুপম সাইকিয়া (ভারত), বিধ্যামান তামাং (নেপাল), বিজেন্দ্র শ্রেষ্ঠ (নেপাল), বিজিত রেঘু (ভারত), ধানজয় কুমার (ভারত), ফাতেমা হোসেনি (আফগানিস্তান), ফিওনা চেং (তাইওয়ান), ইন্দ্রানী দে (ভারত), জেনি ঘেল (নেপাল), ক্যাথরিন হামেল (অস্ট্রেলিয়া), মিল্টন ভট্টাচার্য (ভারত), পাভিত্রা মেহতা (যুক্তরাষ্ট্র), রাইনা রোডিনা ভ্যান ডার মিয়ার (নেদারল্যান্ড), রিপন কুমার দাস ধ্রুব (বাংলাদেশ), সায়ন্তন সামন্ত (ভারত) এবং সরকার নাসরিন টুনটুন (বাংলাদেশ)।
কিউরেটরের দায়িত্ব যৌথভাবে পালন করছেন ভারতের শিল্পী সুরেশ কে. নায়ার এবং বাংলাদেশের শিল্পী শাওন আকন্দ।
২০০৭ সাল থেকে এই মাল্টিডিসিপ্লিনারি আর্ট ক্যাম্পটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। কুষ্টিয়ায় এই আর্ট ক্যাম্পটির সূচনা হয়েছিল বিভিন্ন ধরনের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে, শিল্পী ও গবেষক শাওন আকন্দের নেতৃত্বে এবং শিল্পী দেলোয়ার হোসেনের আন্তরিক সহযোগিতায়। আর্ট ক্যাম্পের প্রচলিত যে ধরন-তা থেকে কুষ্টিয়ার এই আর্ট ক্যাম্পটির প্রকৃতি কিছুটা ভিন্ন। এখানে রয়েছে জীবন যাপন প্রক্রিয়ার সাথে শিল্পের সমন্বয় সাধন করার এক নিরলস প্রচেষ্টা। ক্যাম্পের আয়োজকরা বিশ্বাস করেন, শিল্প একটি জটিল প্রক্রিয়া এবং তা জীবনের অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতির প্রতিটি মাধ্যমের ভেতর রয়েছে নিবির আন্তঃসম্পর্ক।
শিল্পিত অনুশীলনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সেকারণে জ্ঞান ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করা জরুরি। তাই শুধুমাত্র চারুশিল্পীই নন থিয়েটার কর্মী, ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা, মনোবিজ্ঞানী, কবি, সাংবাদিক, অভিনেতা, সমাজবিজ্ঞানী কিংবা অন্য কোন পেশার,শাখার শিল্পাগ্রহী মানুষের জন্য এই ক্যাম্পের দরজা খোলা রাখা হয়েছে। তারাও এই আর্ট ক্যাম্পে অংশ নিতে পারেন। সৃষ্টি করতে পারেন নিজের শিল্পকর্ম এবং আস্বাদন করতে পারেন শিল্পরস।
৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পের শিল্পকর্ম খোলা থাকবে সকল মানুষের জন্য, চাইলে আলাপও করা যাবে দেশ-বিদেশের শিল্পীদের সঙ্গে। এই ক্যাম্প সম্পর্কে আরো জানতে চাইলে দেখতে পারেন ক্র্যাক ট্রাস্টের ওয়েব সাইট:https://www.crackbd.org/








