শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ

২০০৬ সালের আজকের এইদিনে পথচলা শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নানা ধরনেরআন্দোলন, সমস্যা আর সফলতা নিয়ে বিশ্ববিদ্যালয়টি একযুগ পূরণ করে আজ তেরো বছরে পদার্পণ করলো।

সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে তেমন কোন আয়োজন নেই বলে জানিয়েছেন রেজিস্ট্রার মোঃ আবু তাহের। তিনি বলেন, গত বছরের মত এবারো বিশ্ববিদ্যালয় দিবসটি ঈদের বন্ধের মাঝে পড়েছে। ফলে ইচ্ছা থাকলেও চলামান সিয়াম সাধনার মাসও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করে আমরা তেমন কোন আয়োজন রাখিনি তবে, ছুটির পর আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপনের পরিকল্পনা প্রশাসনের রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে অনুভূতি জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফরোজা আক্তার বলেন: দেখতে দেখতে প্রাণের বিশ্ববিদ্যালয় এক যুগ পার করে ফেলেছে। তবে এর মাঝে শিক্ষা, সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয় অর্জন করেছে বেশ কিছু সফলতা। প্রধানমন্ত্রী কর্তৃক নয়জনের গোল্ড মেডেল প্রাপ্তি , আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় কেরাম, হকি, বিতর্ক, দাবাতে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনা বিভাগের রাইসুল আমিন নামের এক শিক্ষার্থী বলেন: বারো বছরে একটা  বিশ্ববিদ্যালয় যতটা পরিণত হওয়ার কথা ছিল আমাদের বিশ্ববিদ্যালয় ততটা হতে পারেনি শিক্ষক সংকট, প্রয়োজনীয় ক্লাসরুমের সংকট, আবাসন বিশেষ করে মেয়েদের আবাসন সমস্যা, পরিবহন সংকটসহ বিভিন্ন সমস্যা আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি। আশা করি অচিরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সমস্যা সমাধানে সচেষ্ট হবে।’

এক যুগ পূর্তি উপলক্ষে জানতে চাইলে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন: আমি যখন এসেছি তখন বিশ্ববিদ্যালয় গতিহীন অবস্থায় ছিল। আমরা সবকিছু নতুন করে শুরু করেছি। পরিকল্পনামন্ত্রী আমাদের সাথে আছেন এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগতিনি আরো বলেন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও  কাঠামোগত উন্নয়নে আমরা একটি ‘মাস্টারপ্লান’ মন্ত্রনালয়ে পাঠাবো। আশা করি এটি বড় অংকের একটি বাজেট হবে।

কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ির সালমানপুরে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টি দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৭ টি বিভাগ ও ১৫ জন শিক্ষক নিয়ে শুরু করা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি অনুষদেরঅধীনে মোট ১৯টি বিভাগে শিক্ষার্থী সংখ্যা ৬২৮০। মোট শিক্ষক ১৮০ জন, কর্মকর্তা ১৬৬ ও কর্মচারীর সংখ্যা ১৮৬জন।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…