তৃতীয় দিন শেষ করেছিলেন ২৪৪ রানে। সঙ্গী জেমস অ্যান্ডারসন আউট হওয়ায় নতুন দিনে রানের খাতায় যোগ করতে পারেননি একও। আর তাতেই পুরনো একটি ইংলিশ রেকর্ড ভেঙেছেন অ্যালিস্টার কুক। পাশাপাশি ১৬৪ রানের লিড নিয়ে ইংল্যান্ড যখন অ্যাশেজে প্রথমবারের মতো ম্যাচের লাগাম ধরার অপেক্ষায় তখনই বাগড়া দিয়েছে বৃষ্টি।
দিনের শুরুতে জেমস অ্যান্ডারসন সাবেক অধিনায়ক কুককে স্ট্রাইকে আসতে না দিলেও কুককে তুলে দিয়েছেন অন্য উচ্চতায়। ১৯৯৭ সালে মাইক আথারটনের পর এই প্রথম ইনিংসে আগাগোড়া ব্যাটিং করে অপরাজিত থাকলেন কোনো ইংলিশ ব্যাটসম্যান।
আথারটন অপরাজিত ছিলেন ৯৪ রানে। আর কুকের ইনিংসটি ২৪৪ রানের। কুক উইকেটে ছিলেন ৬৩৪ মিনিট, বল খেলেছেন ৪০৯টি। ছয় নেই একটিও। চার ২৭টি।
এই নিয়ে ১১ বার টেস্টে ১৫০ কিংবা তার বেশি রান করলেন কুক। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এই রেকর্ড আর কারো নেই। অস্ট্রেলিয়ার মাটিতে কুকের এমন ইনিংস তিনটি। তিনটির বেশি করার রেকর্ড আছে শুধু ওয়ালি হ্যামন্ডের।
বৃষ্টির কারণে ২ উইকেট হারিয়ে ১০৩ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৪০ রান নিয়ে শেষ দিন শুরু করবেন অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২৫ রানে তাকে সঙ্গ দেবেন কাপ্তান স্টিভেন স্মিথ।
অ্যাশেজের চতুর্থ এই টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আগের তিন ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের (১৭৩) সেঞ্চুরিতে ৩২৭ রান করে দলটি। স্মিথ করেছিলেন ৭৩। ব্রড পেয়েছিলেন চার উইকেট। অ্যান্ডারসন তিনটি।
এরপর ইংল্যান্ড কুকের ধ্রুপদী ব্যাটিংয়ে সওয়ার হয়। দলটি তুলতে পারে ৪৯১ রান। অধিনায়ক রুট খেলেন ৬১ রানের ইনিংস। লোয়ার অর্ডারে ব্রড ৫৬ করলে এই মৌসুমের অ্যাশেজে প্রথম বারের মতো জয়ের আশা সৃষ্টি হয় ইংলিশদের। হ্যাজেলউড, লায়ন তিনটি করে উইকেট নেন। চারটি উইকেট পান কামিন্স।







