রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। ইরপিন ও বুচা শহর এবং কিয়েভের কাছের হোস্টোমেল বিমানবন্দরও ছেড়ে গেছে রুশ বাহিনী।
তবে রুশ বাহিনীর ছেড়ে যাওয়া এলাকাগুলোতে যুদ্ধাপরাধের আলামতও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। বুচা শহরের রাস্তায় কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিকের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন একাধিক গণমাধ্যমের সাংবাদিককর্মীরা। নিহতদের সবাই পুরুষ। তাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
এছাড়া দু’শ ৮০টি মরদেহসহ গণকবরের সন্ধান পাওয়া কথা বলেছেন বুচা শহরের মেয়র।
আল-জাজিরা জানায়, ইউক্রেনীয় বাহিনী রাজধানী থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) পূর্বে ব্রোভারি শহরটিও পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহোর সাপোজকো।
শহরের দোকানপাট আবার খুলছে এবং বাসিন্দারা ফিরে আসছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি রাশিয়া।







