বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন মেন্স ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতেছে বাংলাদেশ।
ঢাকায় পাঁচ-জাতির এই ভলিবল টুর্নামেন্টের ফাইনালে মঙ্গলবার বাংলাদেশ ৩-০ সেটে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ভলিবলে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাফল্য। এর আগের সেরা সাফল্য ছিল সাফ গেমসে ব্রোঞ্জ পদক জয়।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জিততে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ম্যাচে অনুষ্ঠিত তিনটি সেটের সবকটিতেই পূর্ণ প্রধান্য দেখিয়েছে তারা।
খেলায় বাংলাদেশের বছরের শেষ সাফল্যটি এলো ভলিবল কোর্ট থেকে। গ্রুপ-পর্বে এই কিরগিজস্তানের সঙ্গে জিততে জিততে হেরেছিল বাংলাদেশ। কাপ জয়ের ম্যাচে একেবারেই পাল্টে গেলো চিত্র। বেষ্ট অফ ফাইভের প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে জয়।
দ্বিতীয় সেটে লড়াই জমছিলো। তবে এবারো শেষ হাসি বাংলাদেশের। ২৫-২৩ পয়েন্টের জয়ে শিরোপার স্বপ্ন উজ্জল হলো।
তৃতীয় সেটে বাংলাদেশ ৭-৬ পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় ইনজুরিতে পড়লেন কিরগিজস্তানের তাকায়েভ। আঘাত কাটিয়ে তিনি আর ফিরতে পারেননি কোর্টে। কিরগিজ’রা পুরো দল নামাতে না পারায় জয়ী ঘোষণা বাংলাদেশকে ।









