বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে টানতে দুহাতে টাকা খরচ করতে রিয়াল মাদ্রিদের জুড়ি মেলা ভার। বর্তমান ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের আগের দুই আমলে চোখ কপালে ওঠানো অর্থ খরচ করে ‘গ্যালাকটিকোস’ সাজিয়ে ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কিন্তু জিনেদিন জিদান কোচ হয়ে আসার পর থেকে এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। বেশি দামে নামী খেলোয়াড়দের পেছনে না ছুটে কম দামে ভবিষ্যতের তারকাদের বাছাই করতে বেশি মনোযোগী লস ব্লাঙ্কোসদের ফরাসী কোচ।
ফ্লোরেন্টিনো পেরেজের প্রথম মেয়াদে ২০০ মিলিয়ন ইউরো খরচ করে জিদান, লুইস ফিগোদের দলে ভিড়িয়ে ছিলেন তৎকালীন রিয়াল কোচ ভিসেন্তে দেল বস্ক।
অন্য কোচদের আমলে খরচ কমেনি বৈ বেড়েছে। হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেলদের মতো ফুটবলার কিনতে কার্লো আনচেলত্তি খরচ করেছিলেন ২৯০ মিলিয়ন ইউরো। দুই মৌসুমে হোসে মরিনহোর খরচের পরিমাণ ১২৮ মিলিয়ন ইউরো।
জিদান কোচ হয়ে আসার পর থেকেই খেলোয়াড়দের পেছনে অর্থ ব্যয়টা কমেছে অবিশ্বাস্য হারে। ৪ মিলিয়ন দিয়ে মার্কো আসেনসিও, ২৬ মিলিয়ন ইউরোতে থিও হার্নান্দেজ, ১৬.৫ মিলিয়নে দানি সেবোলাস, ৬ মিলিয়নে জেসাস ভালেহো ও ৩০ মিলিয়নে আলভারো মোরাতাকে কিনতে জিদানের মোট খরচ হয়েছে ৮২.৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে ৮০ মিলিয়নে চেলসির কাছে মোরাতাকে বিক্রি করে খরচটা প্রায় উসুল করে ফেলেছেন জিদান।
আরেকজন ভবিষ্যতের তারকার পেছনে এরই মধ্যে ভালো বিনিয়োগ করে রেখেছে রিয়াল। ৪৫ মিলিয়ন ইউরো খরচ করে ‘ছোট নেইমার’ খ্যাত ভিনিসিয়াস জুনিয়রকে কিনে রেখেছেন জিজু।








