‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ পাচ্ছেন যারা

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পাচ্ছেন যারা, তিনজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০২১’ পেতে যাচ্ছেন সাদাত হোসাইন। কথাসাহিত্যে ‘বিভা ও বিভ্রম’ উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন সময়ের আলোচিত ও জনপ্রিয় এই লেখক।
এছাড়া প্রবন্ধ-গবেষণায় জীবনানন্দের মানচিত্র গ্রন্থের জন্য আমীন আল রশীদ এবং কবিতায় সুন্দরবন সিরিজ গ্রন্থের জন্য চাণক্য বাড়ৈ পুরস্কার পাচ্ছেন।
বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে এবার মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য এবং শিশু-কিশোর সাহিত্যে উল্লেখযোগ্য গ্রন্থ জমা না পড়ায় এবছর তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেইসবুক পেইজে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দেখানো হবে। এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট প্রাবন্ধিক, ফরাসি ভাষাবিদ ও অনুবাদক অধ্যাপক চিন্ময় গুহ। আয়োজনে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউলশিল্পী ও সংগীতসাধক শফি মণ্ডল।
সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করেছে। গত বছরের মতো এ বছরও আইএফআইসি ব্যাংককে সঙ্গে নিয়ে বাংলাদেশের সাহিত্যের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার প্রত্যয়ে প্রদান করা হচ্ছে ‘আইএফআইসি ব্যাংক-নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১’।





