কান চলচ্চিত্র উৎসবে জল্পনার বিষয় থাকে প্রতিযোগিতা বিভাগে কোন কোন ছবি মনোনয়ন পাচ্ছে তা নিয়ে। উৎসবের শেষের দিকে কৌতূহল বাড়তে থাকে সেরা ছবির জন্য পাম দ্য’র পাচ্ছেন কোন নির্মাতা— তা নিয়ে। এক কথায় বলা যায়, এটি হলো বিশ্বের সেরা নির্মাতাদের লড়াই। ৭০তম কান আসরে ১৯টি ছবি মনোনীত হয়েছে প্রতিযোগিতা বিভাগে। তবে তার মধ্যে বেশ কয়েকজন শক্ত প্রার্থী আছেন যাদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
পাম দ্য’র প্রার্থীদের মধ্যে সোফিয়া কপোলা একজন। সোফিয়ার বাবা ফ্রান্সিস ফোর্ড কপোলা দু’বার পাম দ্য’র জিতেছেন। সোফিয়ার ভাগ্যে এখন পর্যন্ত তা না জুটলেও জয় করেছেন অস্কার। তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের গোল্ডেন লায়ন জিতেছেন দুই বার। তিনি এবার কানে এসেছেন ‘দ্য বিগায়েল্ড’ ছবি নিয়ে।
ইতিহাস গড়ার সুযোগ আছে মাইকেল হানেকের। তার নির্মিত শেষ দুটি ছবি ‘দ্য হোয়াইট রিবন’ (২০০৯) ও ‘অ্যামোর’ (২০১২) পাম দ্য’র জিতেছে। এবার তিনি কানে এসেছেন ‘হ্যাপি এন্ড’ ছবি নিয়ে। এবার পাম দ্য’র জিতলে তার হ্যাট্রিক হবে।
পাম দ্য’র অন্যতম বড় দাবিদার মনে করা হচ্ছে রুশ নির্মাতা আন্দ্রেই জিভাগিৎসেভের ‘লাভলেস’ ছবিটিকে। ফরাসি ছবির জীবন্ত কিংবদন্তি জঁ-লুক গদারের জীবনের একটি অংশ নিয়ে বানানো মিশেল আজানাভিসুসের ‘রিডাউটেবল’ ছবিটি নিয়েও আলোচনা হচ্ছে।
এছাড়াও প্রতিযোগিতা বিভাগে লড়ছে হাঙ্গেরির কর্নেল মুন্দোরুৎসোর জুপিটার’স মুন, সুইডেনের রুবেন অস্টলুন্ডের ‘দ্য স্কয়ার’, ইউক্রেনের সের্গেই লোনজিৎসার ‘আ জেন্টেল ক্রিয়েচার’, স্কটল্যান্ডের লিন রামজের ‘ইউ অয়্যার নেভার রিয়েলি হিয়ার’। যুক্তরাষ্ট্র থেকে আগত দুই ভাই বেনি ও জোশ সাফদির ‘গুড টাইম’ও আছে।
কানে শেষ হাসিটি কে হাসে, সেটা দেখার জন্যই অপেক্ষা করছে চলচ্চিত্রপ্রেমীরা।








