আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমকালো আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবার কানে দুইবার অস্কারের মনোনয়নপ্রাপ্ত হলিউড তারকা উইল স্মিথ থাকছেন বিচারক হিসেবে। উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম ডি’অর জয়ীকে নির্বাচন করার দায়িত্বে থাকছেন তিনি। তার সাথে থাকছেন আরেক হলিউড তারকা জেসিকা চ্যাস্টেইন।
এই দুই তারকা ছাড়াও পামে ডি’অর জয়ীকে নির্বাচন করার দায়িত্বে বিচারক প্যানেলে থাকছেন ফরাসি অভিনেত্রী ও গায়িকা অ্যাগনেস জাউই, জার্মান পরিচালক মারে আদের, চীনা অভিনেত্রী ফ্যান বিংবিং, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা পার্ক চ্যান-উক, ফরাসি সুরকার গাব্রিয়েল ইয়ারেদ, ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা আন্নেজোয়া, সাউথ কোরিয়ার পরিচালক পার্ক চ্যান-ভুক, ইতালীয় পরিচালক পাওলো সরেন্তিনো।
নয় সদস্যের বিচারকদলের প্রধান স্প্যানিশ পরিচালক পেদ্রো আমোদোভার।
মাইকেল হেনকে-র ‘হ্যাপি এন্ড’, সোফিয়া কপোলা’র ‘বেগাইল্ড’ এবং প্রতিযোগিতার একমাত্র ব্রিটিশ পরিচালক লিনে রামসে’র ‘ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার’সহ মোট আঠারোটি ছবি বিচারকদের প্রদর্শন করা হবে উৎসবের পর্দায়।
প্রতিবারের মত এবারও প্রতিযোগিতার বাইরে অনেকগুলো স্পেশাল স্ক্রিনিং থাকছে। এ বছর থাকছে আল গোরের প্রামাণ্যচিত্রের সিকুয়েল ‘ইনকনভেনিয়েন্ট ট্রুথ’। এবারের ‘ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ তিনি বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি করেছেন। এর আগে ২০০৬ আল গোর ‘ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ এ জলবায়ু পরিবর্তন সম্পর্কে দেখিয়েছিলেন।
ফ্রান্সের সাগর পাড়ের শহর কান-এ ১৭ মে শুরু হতে যাচ্ছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৮ মে পর্যন্ত। এবারের কান উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অভিনেত্রী মনিকা বেলুচ্চি। বিবিসি









