নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হারের তৃতীয় দিনেই আরেকটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এবার কাতারের যুবাদের কাছে হেরেছে অ্যান্ড্রু অর্ডের যুবা শিষ্যরা।
কাতারের যুবাদের বিপক্ষে বৃহস্পতিবারের হারটি ৩-০ গোলের। গত মঙ্গলবার নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে হেরে শুরু হয় অর্ডের বাংলাদেশ অধ্যায়।
ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় কাতার। পরে ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। আর ৬৩ মিনিটে সফরকারীদের কফিনে আরেকটি পেরেক ঠুকে দেয় স্বাগতিকরা।
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এই প্রস্তুতি মিশন। কাতার থেকে প্যালেস্টাইন যাবেন রানারা। ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার হবে সেখানে।
যাতে বাংলাদেশ গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান এবং স্বাগতিক প্যালেস্টাইন। গ্রুপ ‘ডি’তে নেপাল। তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং উজবেকিস্তান।







