ঐশ্বরিয়া রাই নাকি এক প্রযোজককে দুই মাস অপেক্ষা করিয়েছেন শুধুমাত্র ছবির গল্প শোনার জন্য। কিন্তু শেষমেশ দুই মাস অপেক্ষা করেও ঐশ্বরিয়ার দেখা পাননি প্রযোজক। তাই ঐশ্বরিয়ার বদলে তিনি অন্য নায়িকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রযোজক শাইলেশ আর সিং তাঁর পরবর্তী ছবির নায়িকা হিসেবে ঐশ্বরিয়াকে নিতে চাইছিলেন। ঐশ্বরিয়াও ছবির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু শুধুমাত্র ছবির গল্প শোনার জন্য যেই সময়টা দিতে হয় সেটাই দিতে পারছিলেন না তিনি। প্রযোজককে দুই মাস অপেক্ষা করতে বলেন তাঁর সঙ্গে দেখা করার জন্য। প্রযোজকও তাঁর কাঙ্খিত নায়িকার জন্য অপেক্ষার প্রহর গুণতে থাকেন। অবশেষে যেদিন দেখা করার কথা সেদিনই অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেন ঐশ্বরিয়া। অপেক্ষা করতে করতে ক্লান্ত প্রযোজক তাই ছবিতে ঐশ্বরিয়াকে নেয়ার পরিকল্পনাই বাতিল করে দেন। বর্তমানে তিনি নতুন নায়িকা খুঁজছেন ছবির জন্য।
শোনা যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবিতে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সাথে নাকি অভিষেক বচ্চনও থাকবেন। কবি সাহির লুধিয়ানভির জীবনী নিয়ে বানশালি তার পরবর্তী ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। এতে কবির চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন এবং অমৃতার চরিত্রে থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।







