কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে কয়েকটি ইলেক্ট্রনিক ডিভাইস থেকে কিছু ছবি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবিতে দেখা গেছে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অস্ত্র হাতে আইএসের কালো পতাকার সামনে কালো পোশাক পড়ে দাঁড়িয়ে আছে জঙ্গিরা।
বিভিন্ন গণমাধ্যমে ওইসব ছবি প্রকাশের পরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, মঙ্গলবারের অভিযানের আগে যেকোনও দিন তারা এই ছবি তুলে থাকতে পারে। জঙ্গিরা ওই আস্তানায় জড়ো হয়েছিল বড় কোনও হামলার পরিকল্পনা নিয়ে। গুলশানের ঘটনার মতো কোনও হামলা বা নাশকতার পর আইএসের আমাক এজেন্সির মাধ্যমে এসব ছবি প্রকাশের পরিকল্পনা ছিল তাদের।
আইএসের পোশাক পরিহিত ছবি ও পতাকা পাওয়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, আমরা অনেক কিছুই পেয়েছি। এর মধ্যে ছবিও রয়েছে। এগুলো যাচাই-বাছাই চলছে।
অভিযানের পর তারা ওই বাসা থেকে কিছু ইলেক্ট্রনিক ডিভাইস ভাঙা অবস্থায় উদ্ধার করেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আইনশৃঙ্খলা বাহিনী যেন এসব ডিভাইস থেকে কোনও গোপন তথ্য উদ্ধার করতে না পারে, সে জন্যই এসব ভেঙে ফেলা হয়েছিল। তবে ছবিগুলো যেহেতু জঙ্গিদের অস্তিত্ব এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে, এ কারণে তা নষ্ট করা হয়নি। কিংবা এমনও হতে পারে যে, এসব ডিভাইস তারা নষ্ট করার সুযোগ পায়নি।
পুলিশ ওই বাসা থেকে অন্তত দুটি পেন ড্রাইভ উদ্ধার করেছে বলে মামলার জব্দ তালিকায় উল্লেখ রয়েছে। কল্যাণপুরের আস্তানা থেকে তারা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যা থেকে জেএমবির নেটওয়ার্ক, অর্থদাতা, অস্ত্রের যোগানদাতা ও আন্তর্জাতিক যোগাযোগের তথ্য যাচাই-বাছাই শুরু করছে পুলিশ।








