কলেজ ছাত্রীকে অপহরণের পর পানিতে ফেলে হত্যার অভিযোগ

A signboard in Bengali indicating ‘Death House’ at a hospital, with the hospital’s name and location in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
বখাটের প্রেমে সাড়া না দেয়ায় নীলফামারীর জলঢাকার কচুকাটা ইউনিয়নে এক ছাত্রীকে অপহরণের পরে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের স্বজনরা জানান, রংপুর কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়া ইসলাম রিমু সোমবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বখাটে ফয়সাল ও তার সহযোগী রিজভী।
স্থানীয় রাজারহাট বাজারের কাছের একটি ব্রিজ থেকে রিমুকে পানিতে ফেলে তারা পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাদের বাধা দেন। পরে তারা রিমুকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক রিমুকে মৃত ঘোষণা করলে লিফটে রিমুর লাশ রেখে পালিয়ে যায় ফয়সাল ও রিজভী। এ ব্যাপারে জলঢাকা থানায় মামলা করার কথা জানিয়েছে নিহতের পরিবার।






