বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবিটি শিগগিরই মুক্তি পাচ্ছে কলকাতায়। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে চলচ্চিত্র ভারতে রপ্তানির অংশ হিসেবে এই ছবি মুক্তি পাবে সেখানে।
বিষয়টি নিশ্চিত করে বদিউল আলম খোকন বলেন, ‘কলকাতায় ছবি মুক্তির ব্যাপারটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে। তবে কবে মুক্তি পাবে, তা এখনো ঠিক হয়নি। খুব ভালো লাগছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ আমার ছবিটি দেখতে পারবে। এর ফলে সেখানে ঢাকার ছবির কদর আরও বাড়বে।’
এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি। ২০১৫ সালের ঈদুল আজহায় সারাদেশে ছবিটি মুক্তি পায়। তখন এটি বাংলাদেশের ১৬০টি হলে প্রদর্শিত হয়। তারকাবহুল এ ছবিতে আরও অভিনয় করেছেন দিতি, ওমর সানি, শাহনূর, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। থাইল্যান্ডসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়। ছবির কাহিনি লিখেছেন কাশেম আলী দুলাল। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।










