হিজাব ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ভারতের কর্ণাটকে। এরই মধ্যে কর্ণাটকের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও।
এনডিটিভি জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরার বিষয়ে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পরমার।
হিজাবের নিষেধাজ্ঞাকে সমর্থন করে তিনি বলেন, সরকার অবশ্যই শৃঙ্খলাকে অগ্রধিকার দেবে। শিক্ষার্থীদের নির্ধারিত পোষাক বিধি মেনে চলতে হবে।
মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরে মধ্যপ্রদেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
হিজাব বিতর্কে ভারতের কর্ণাটকে আগামী তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোম্মাই শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন।হিজাব ইস্যুতে আজ উচ্চ আদালতে মামলার শুনানির কথা রয়েছে।
এক মাস আগে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজের ৫ ছাত্রীর হিজাব নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে কর্নাটক হাইকোর্টে শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা এ বিষয়ে নানা মত প্রকাশ করছেন।







